Views: 4
ঢাকা, ২৫ নভেম্বর: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা নয়, বরং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে নিশ্চিত করেছে তদন্ত কমিটি। আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
এর আগে আজ দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কার্গো টার্মিনালে সংঘটিত অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট গ্রহণ করেন।
প্রেসসচিব শফিকুল আলম বলেন, তদন্ত কমিটি নিশ্চিত হয়েছে যে এটি কোনো ‘স্যাবোটাজ’ বা নাশকতা ছিল না। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে কয়েকটি কুরিয়ার এজেন্সির খাঁচাগুলোর মধ্যবর্তী স্থানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তুরস্ক থেকে আগত বিশেষজ্ঞ দল, বুয়েট বিশেষজ্ঞ, অগ্নিনির্বাপক বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেনসিকসহ সংশ্লিষ্টরা এই কারণ নিশ্চিত করেছেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানান, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট অধ্যাদেশ-২০২৫ আকারে অনুমোদন দেওয়া হয়েছে। ভোটারদের সুবিধার্থে জাতীয় নির্বাচনের ব্যালটের চেয়ে গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের।
তিনি বলেন, সংসদ নির্বাচনের জন্য যেসব রিটার্নিং, সহকারী রিটার্নিং বা পোলিং অফিসার নিয়োগ করা হবে, তারাই গণভোটের একই দায়িত্ব পালন করবেন। আইন উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই অধ্যাদেশ আজ বা কালকের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে।