Views: 4
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে এস এম জাহাঙ্গীর হোসেনের। আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণার সময় এই তথ্য জানান।
এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা মহানগরীর রাজনীতিতে তাঁর সংগ্রামী, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব এবং আপোষহীনতার জন্য সুপরিচিত। গত দেড় দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে তিনি বারবার হামলা, হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন এবং একাধিকবার কারাবরণ করেছেন।
চরম প্রতিকূল পরিস্থিতিতেও তিনি রাজপথ ছাড়েননি, যার কারণে ঢাকা মহানগর বিএনপি নেতাকর্মীদের কাছে তিনি নির্ভরযোগ্য ও সাহসী নেতা হিসেবে বিবেচিত।
তিনি যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং তাঁর সাংগঠনিক প্রজ্ঞা ও দক্ষ নেতৃত্ব তাঁকে দলের হাইকমান্ডের কাছে আস্থাশীল করেছে।
জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখে এস এম জাহাঙ্গীর হোসেন উত্তরা অঞ্চলের সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর মতো ত্যাগী নেতার প্রার্থীতা ঢাকা-১৮ আসনে বিএনপি’র নির্বাচনী লড়াইকে আরও গতিশীল করবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
প্রথম পর্যায়ে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণার পর, আজ দ্বিতীয় দফায় আরও ৩৬টি সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি। এর ফলে দেশের মোট ২৭২টি আসনে বিএনপি’র প্রার্থীর নাম চূড়ান্ত হলো। আজকের তালিকায় মাদারীপুর-১ সহ পূর্বে স্থগিত হওয়া আসনগুলোতেও নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।