Views: 6
কক্সবাজারের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পর্যটন শিল্পের নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের বদলি আদেশ স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমান বাস্তবতায় সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত সময়োপযোগী ও দূরদর্শী বলে অভিহিত করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এই অভিজ্ঞ কর্মকর্তার বদলি স্থগিতের খবরে একদিকে যেমন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে, অন্যদিকে গভীর আতঙ্কে রয়েছে স্থানীয় শক্তিশালী একটি দুর্নীতিবাজ সিন্ডিকেট।
কক্সবাজারের হোটেল-মোটেল মালিক সমিতি ও ট্যুর অপারেটরদের মতে, আপেল মাহমুদ দায়িত্ব পালনের সময় এই অঞ্চলে অপরাধ দমনে অভাবনীয় সাফল্য দেখিয়েছেন। পর্যটকদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার ফলে দেশি-বিদেশি দর্শনার্থীদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পর্যটন সংশ্লিষ্ট একজন ব্যবসায়ী জানান, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে তাঁর মতো দক্ষ কর্মকর্তার ধারাবাহিক নেতৃত্ব এই অঞ্চলের অর্থনীতির জন্য অপরিহার্য ছিল। বদলি স্থগিত হওয়ার মাধ্যমে কক্সবাজারের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের স্থবিরতা কেটে গেল।
এদিকে, বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে, এই কর্মকর্তার বদলি স্থগিত হওয়ার সংবাদে একটি প্রভাবশালী দুর্নীতিবাজ ও অবৈধ সুবিধাভোগী চক্রের রাতের ঘুম হারাম হয়ে গেছে। আপেল মাহমুদের কঠোর নজরদারি ও নিয়মতান্ত্রিক কঠোরতার কারণে আগে থেকেই কোণঠাসা হয়ে পড়া এই চক্রটি তাঁর চলে যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছিল। কিন্তু প্রশাসনের এই সাহসী সিদ্ধান্তে তাদের অশুভ পরিকল্পনা ভেস্তে গেছে। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, মাঠপর্যায়ে কাজের ধারাবাহিকতা বজায় থাকলে পর্যটকরা দীর্ঘমেয়াদী নিরাপত্তার সুফল ভোগ করবেন।