Views: 4

নওগাঁয় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে প্রায় দুই কেজি গাঁজাসহ শাকিল হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের সুপারি পট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাকিল শহরের আনন্দনগর মহল্লার দুলালের ছেলে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে নওগাঁ শহরের লিটন ব্রিজ মোড়ে সার্জেন্ট অপূর্ব ও টিএসআই আব্দুল আলিমসহ ট্রাফিক পুলিশের একটি দল নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় মোটরসাইকেল আরোহী এক যুবককে সন্দেহভাজন হিসেবে থামার সংকেত দিলে তিনি দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পলায়নরত যুবককে ধরতে সার্জেন্ট ও টিএসআই তাৎক্ষণিক ধাওয়া শুরু করেন এবং শহরের সুপারি পট্টি এলাকায় তাকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ওই যুবকের হেফাজত থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকের পর গাঁজাসহ ওই যুবককে নওগাঁ সদর থানার মোবাইল পার্টির কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাফিক পুলিশের তৎপরতায় শহরের কেন্দ্রস্থলে এই বড় মাদকের চালান ধরা পড়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে। পুলিশ জানায়, আটক শাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।