Views: 1
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শান্তিপুর এলাকায় চোর ও ডাকাত চক্রের বেপরোয়া তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অতি নিকটেই পরপর দুটি বড় অপরাধের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
গত মঙ্গলবার দিবাগত রাতে তদন্ত কেন্দ্রের অদূরে একটি দোকানে চুরির রেশ কাটতে না কাটতেই বুধবার রাতে এক মুদি ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সংঘবদ্ধ চোরচক্র একটি দোকানের তালা ভেঙে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে।
এর ঠিক পরের দিন বুধবার রাত ৩টার দিকে চান্দহর ইউনিয়নের বাঘুলী সোনাটেংরা গ্রামের মুদি দোকানদার ফারুকের বাড়িতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হানা দেয় একদল ডাকাত। পরিবারের সদস্যদের জিম্মি করে তারা নগদ টাকা ও বিপুল স্বর্ণালঙ্কার লুটে নেয়।
ধস্তাধস্তির একপর্যায়ে এক ডাকাতের মুখোশ খুলে গেলে বাড়ির লোকজন তাকে চিনে ফেলে এবং বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, আটক ব্যক্তিকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়েছে। পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন আতঙ্কিত এলাকাবাসী।