Views: 5

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বি এন স্কুল বাসের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দের তাৎক্ষণিক তৎপরতা ও মানবিকতায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। তারা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাপ্তাইয়ের একটি গুরুত্বপূর্ণ সড়কে চলাচলরত বিএন ০৬-১৫৩ নম্বরধারী একটি স্কুল বাস এক পথচারীকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, মোশাররফ হোসেন, ওসমান গনি তনু ও তার ভাইসহ উপস্থিত স্থানীয় নেতারা কোনো কালক্ষেপণ না করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা আহত ব্যক্তিকে নিজ কাঁধে বহন (কেরিং) করে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, আহত ব্যক্তির অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং উন্নত চিকিৎসার প্রয়োজন হলে দ্রুত উন্নতমানের হাসপাতালে স্থানান্তরের (রেফার) প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাদের এমন মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করছে এলাকাবাসী। তাদের মতে, নেতাদের এই দ্রুত উদ্যোগ ও সাহসিকতার কারণেই আহত ব্যক্তির জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।