Views: 4
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “দেশের জনগণ যার পাশে থাকে, কোনো শক্তিই তাকে রুখতে পারে না। দীর্ঘ ১৭ বছর নানা চড়াই-উতরাই পেরিয়ে জনগণের ভালোবাসায় বিএনপি আজ এই পর্যায়ে পৌঁছেছে।” আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় নওগাঁ শহরের এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান নওগাঁ ও জয়পুরহাটবাসীকে গণতন্ত্র পুনরুদ্ধারের সিপাহসালার হিসেবে উল্লেখ করে বলেন, “আমাদের কোথাও পালিয়ে যাওয়ার জায়গা নেই, আমরা এই দেশেই থাকব এবং এই দেশেরই উন্নয়ন করব।” তিনি ঘোষণা করেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে এবং প্রতিটি কৃষকের হাতে ‘কৃষি কার্ড’ তুলে দেওয়া হবে। আমের জন্য বিখ্যাত নওগাঁর হিমাগার সমস্যা সমাধানে রেল সংযোগ স্থাপন এবং প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি হেলথ কার্ড’ প্রবর্তনের প্রতিশ্রুতিও দেন তিনি। শিক্ষিত বেকারদের জন্য শিল্পাঞ্চল গড়ে তোলা এবং আইটি খাতে দক্ষ জনশক্তি তৈরির মহাপরিকল্পনা তুলে ধরেন বিএনপির এই শীর্ষ নেতা।
ষড়যন্ত্র এখনো শেষ হয়নি উল্লেখ করে তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “ফ্যাসিস্ট পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো সক্রিয়। ১২ তারিখ ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোটাধিকার নিশ্চিত করতে হবে।” জনসভায় তিনি নওগাঁর ছয়টি ও জয়পুরহাটের দুটি আসনের মোট আটজন প্রার্থীর পরিচয় করিয়ে দিয়ে তাঁদের বিজয়ী করার অনুরোধ জানান। নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের সঞ্চালনায় সভায় বিএনপি মনোনীত প্রার্থীরা নওগাঁয় কৃষি বিশ্ববিদ্যালয়, চার লেন সড়ক ও গ্যাস সংযোগসহ এলাকার নানা দাবি তুলে ধরেন। জনসভায় রাজশাহী বিভাগীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।