Views: 4

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় কর্মসূচিতে নাম আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট হাতাহাতির ঘটনায় এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। যুবদল কর্মীর ঘুষিতে প্রাণ হারানো ওই নেতার নাম আজাহার (৪৫)। এ ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবারের একটি দলীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এক প্রস্তুতি সভায় বসেন। সভায় অতিথিদের তালিকায় নাম আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সাথে যুবদল কর্মী রাজিবের কথা কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ বেশ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ, সিনিয়র সহ-সভাপতি আজাহার, যুবদল সভাপতি রিপন ও এমরাতকে এলোপাতাড়ি মারধর শুরু করে। সংঘর্ষের একপর্যায়ে রাজিবের পক্ষের একজনের ঘুষিতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন আজাহার। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে কাঞ্চন পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ নিহতের বাড়িতে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।