Views: 5

পাহাড়বেষ্টিত কাপ্তাইয়ের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই)-এর ৫৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান শুরু হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে আনন্দ-অশ্রু আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২১-২২ সেশনের ৪৭২ জন শিক্ষার্থীর চার বছরের শিক্ষাজীবনের এই সমাপনী আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে সকালে ইনস্টিটিউটের অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাসের নেতৃত্বে বিএসপিআই ক্যাম্পাস থেকে কাপ্তাই নতুনবাজার পর্যন্ত এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে ৫৬ ব্যাচের কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেন। কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ তারেকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানে ছিল নানা কর্মসূচি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকালে আলোচনা সভা, দুপুরে প্রীতিভোজ ও বিরতির পর বিএসপিআই মাঠে শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড শো।

ক্যাম্পাস জীবনের শেষ দিনটিতে শিক্ষার্থীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একে অপরের ড্রেসে শুভকামনা লেখা আর স্মৃতিচারণে সিক্ত হন সকলে। অনুষ্ঠানের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাপ্তাই থানার পক্ষ থেকে চার সদস্যের একটি পুলিশ টিম সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছে। শিক্ষাজীবনের পাঠ চুকিয়ে কর্মজীবনের বৃহত্তর আঙিনায় পা রাখতে যাওয়া এই নবীন প্রকৌশলীদের চোখেমুখে ছিল আগামীর সুন্দর স্বপ্ন।