Views: 4
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকার জরুরি কিছু সেবার ওপর কড়াকড়ি আরোপ করেছে। এর মধ্যে মোটরসাইকেলসহ পাঁচ ধরনের যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইতিমধ্যে গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকে সারাদেশে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে নাগরিকদের চলাচলের সুবিধার্থে মেট্রোরেলসহ কিছু জরুরি সেবা সচল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আজ বুধবার রাত ১২টা থেকে ভোটের দিন রাত ১২টা পর্যন্ত সারাদেশে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে। তবে ভোটাররা ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি (কার) ব্যবহার করতে পারবেন। এছাড়া আজ ও আগামীকাল রাজধানী ঢাকাসহ সারাদেশে সব বড় বড় শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি। পর্যটন কেন্দ্রগুলোও নির্বাচনের দিন বন্ধ থাকবে।
অন্যদিকে, সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে ১২ ফেব্রুয়ারি মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে এবং ভোট চলাকালে ট্রেনের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। জরুরি সেবা যেমন ওষুধ, চিকিৎসাসামগ্রী, সংবাদপত্র ও নিত্যপণ্য সরবরাহকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। বিদেশগামী যাত্রীরা প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে বিমানবন্দর যাতায়াত করতে পারবেন। এছাড়া বিকাশ, নগদ বা রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) লেনদেনে বিশেষ বিধিনিষেধ বলবৎ থাকবে আগামীকাল রাত ১২টা পর্যন্ত।