Views: 4

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সেন্ট মার্টিন দ্বীপসহ ১১৫টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সমুদ্রবেষ্টিত সেন্ট মার্টিন দ্বীপের কেন্দ্রগুলোতে কোস্টগার্ডের কড়া পাহারায় প্রথম ধাপে ব্যালট পেপার পৌঁছানো হয়েছে। দ্বীপ এলাকায় কোস্টগার্ডের পাশাপাশি নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানিয়েছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন শতভাগ প্রস্তুত। উখিয়া ও টেকনাফের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। কক্সবাজার-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৭১ হাজার ৮১৯ জন। প্রশাসন সূত্রে জানা গেছে, এই আসনের ১১৫টি কেন্দ্রের মধ্যে ৫৯টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে উখিয়ার ৫৪টি কেন্দ্রের মধ্যে ৩২টি এবং টেকনাফের ৬১টির মধ্যে ২৭টি কেন্দ্র রয়েছে। ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রাজনৈতিক সমীকরণে এ আসনে মূলত বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল। বিএনপি থেকে চারবারের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং জামায়াতের পক্ষ থেকে জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা নুরুল হক ও এনডিএম-এর সাইফুদ্দিন খালেদ নির্বাচনী মাঠে রয়েছেন। তবে স্থানীয় ভোটার ও বিশ্লেষকদের ধারণা, ভোটের মূল লড়াই সীমাবদ্ধ থাকবে শাহজাহান চৌধুরী ও নুর আহমদ আনোয়ারীর মধ্যেই। এখন দেখার বিষয়, উখিয়া-টেকনাফের মানুষ কাকে তাঁদের আগামীর প্রতিনিধি হিসেবে বেছে নেন।