Views: 5
কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র পালংখালী বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদারের জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উখিয়া উপজেলা শাখা ও স্থানীয় সাধারণ জনগণ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) ছাত্রদল উখিয়া উপজেলা শাখার আহ্বায়ক জয়নাল আবেদীন জয় এবং সচেতন নাগরিক সমাজ প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করে এই দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, পালংখালী বাজারে বর্তমানে প্রশাসনের কোনো ধরনের কার্যকর তদারকি নেই। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। অধিকাংশ দোকানেই সরকার নির্ধারিত বা পাইকারি দরের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো মূল্য তালিকা টাঙানো হচ্ছে না। ক্রেতারা জানিয়েছেন, তদারকি না থাকায় মধ্যস্বত্বভোগী ও অসাধু চক্র সিন্ডিকেট করে সাধারণ মানুষের পকেট কাটছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। প্রশাসনের নীরবতার সুযোগে একটি বিশেষ মহল পুরো বাজার ব্যবস্থাকে জিম্মি করে ফেলেছে বলে তারা মনে করেন।
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু মজুতদাররা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু মূল্যের ঊর্ধ্বগতিই নয়, বাজারে মানহীন পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগও উঠেছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের রুখে দেওয়ার দাবি জানিয়েছে উখিয়া উপজেলা ছাত্রদল। তারা মনে করেন, সময় থাকতে ব্যবস্থা না নিলে রমজানে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করবে।
জনস্বার্থ রক্ষায় উখিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল আবেদীন জয় এক বিবৃতিতে প্রশাসনের প্রতি তিনটি প্রধান দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো: প্রতিদিন নিয়মিত বাজার মনিটরিং নিশ্চিত করা, ভেজালবিরোধী অভিযান ও জরিমানার মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা এবং প্রত্যেক দোকানে দৃশ্যমান স্থানে সঠিক মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক করা। বিবৃতিতে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, বাজারের বর্তমান অস্থিরতা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে; প্রশাসন যদি দ্রুত হস্তক্ষেপ না করে, তবে সাধারণ মানুষকে সাথে নিয়ে ছাত্রদল রাজপথে নামতে বাধ্য হবে।
পালংখালী বাজারের এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনারের (ভূমি) সরাসরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি। সচেতন মহলের মতে, নিয়মিত বাজার মনিটরিং এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে অসাধু সিন্ডিকেট ভেঙে ফেলা সম্ভব হবে। পালংখালীর সাধারণ মানুষ এখন প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রতীক্ষায় দিন গুনছে।