Views: 1
সুনামগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে একুশে টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক জনকণ্ঠের সাংবাদিক মো. আব্দুস সালামের ওপর বর্বরোচিত হামলা, অফিসে ভাঙচুর এবং ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনার মূল অভিযুক্ত ছাতকের ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাঞ্চল্যকর এই হামলার ঘটনায় সুনামগঞ্জের সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত ২৭শে ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সুনামগঞ্জ পৌরবিপণীস্থ একুশে টেলিভিশনের জেলা কার্যালয়ে নিজ পেশাগত কাজ করছিলেন সাংবাদিক আব্দুস সালাম। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিকেল নাগাদ সন্ত্রাসী ইসলাম উদ্দিনের নেতৃত্বে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফিল্মি স্টাইলে অফিসে প্রবেশ করে। তারা অফিসে ঢুকেই উচ্চস্বরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রদান করে। এ সময় সাংবাদিক আব্দুস সালাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা রণমূর্তি ধারণ করে এবং অফিসের আসবাবপত্রসহ চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করে।
একপর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিক আব্দুস সালামের ওপর সরাসরি শারীরিক হামলা চালায়। হামলাকারীরা ক্যামেরার ভারি ট্রাইপড দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার দুই হাত মারাত্মকভাবে জখম হয়। চলে যাওয়ার সময় সন্ত্রাসীরা টেবিলের ওপর থাকা প্রায় ১ লাখ টাকা মূল্যের একটি স্যামসাং জেড ফোল্ড ফোর স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ন্যাক্কারজনক বিষয় হলো, হামলার পর অভিযুক্ত ইসলাম উদ্দিন উল্টো ফেসবুক লাইভে এসে নিজের ওপর হামলার নাটক সাজিয়ে মিথ্যা অপপ্রচার শুরু করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে আসামির বোনের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সুনামগঞ্জের সাংবাদিক নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, স্বাধীন সাংবাদিকতার ওপর এমন নগ্ন হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা অভিযুক্ত ইসলাম উদ্দিনের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
সাংবাদিকদের ওপর এমন নগ্ন হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত। পুলিশি অভিযানে মূল অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় জনমনে স্বস্তি ফিরলেও দ্রুততম সময়ে মামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করা প্রয়োজন।