Views: 2
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলের শতবর্ষী গজারি গাছ পাচারের সময় স্থানীয় বাসিন্দাদের ধাওয়ায় পিছু হটেছে একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামের গভীর জঙ্গলে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গভীর রাতে বনের অভ্যন্তরে ট্রাকের যান্ত্রিক শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা সতর্ক হয়ে ওঠেন। গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে হইচই শুরু করলে পাচারকারীরা আতঙ্কিত হয়ে গাছবোঝাই ট্রাক নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। পরে বনের ভেতরে গিয়ে দেখা যায়, পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মূল্যবান গজারি গাছ কেটে স্তূপ করে রাখা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা রাতেই ঘটনাস্থলে পৌঁছে কয়েক লাখ টাকা মূল্যের গাছগুলো জব্দ করেন।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. মোমেনুল কাদের জানান, পাচারকারী চক্রটি বনের দুর্গম এলাকা থেকে বিশালাকৃতির পুরোনো গজারি গাছগুলো কেটে পাচারের প্রস্তুতি নিয়েছিল। শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মো. মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত গাছগুলো সংরক্ষিত বনাঞ্চলের নাকি জোত জমির, তা যাচাইয়ের পাশাপাশি এর আর্থিক মূল্য নিরূপণের কাজ চলছে। সরকারি সম্পদ রক্ষায় বন দস্যুদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বনের সম্পদ রক্ষায় স্থানীয়দের এই সাহসী পদক্ষেপ এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে।