Views: 2
রাঙামাটির কাপ্তাইয়ে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাপ্তাই সাংগঠনিক জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে কাপ্তাইয়ের রিভার ভিউ পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই আইডিইবির সভাপতি প্রকৌশলী মো. ইমাম ফখর উদ্দিন রাজী। আইডিইবি কাপ্তাই জেনারেল শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি রমজানের পবিত্রতা রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, এটি প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। একইসাথে তিনি দেশের টেকসই উন্নয়নে সকল প্রকৌশলীদের কর্মক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন যে, সংগঠনের ন্যায্য দাবি আদায়ে আইডিইবি অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আইডিইবির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন এবং কাপ্তাই আইডিইবির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা প্রকৌশলী আব্দুল লতিফ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আইডিইবি সদস্য উপসহকারী প্রকৌশলী মামুনুর রশিদ, মশিউর রহমান ও বিউটি চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে কাপ্তাই সাংগঠনিক জেলার আইডিইবি’র সকল স্তরের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।