Views: 4
সাভারের আশুলিয়ায় তুরাগ নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনপদ। সোমবার (৬ এপ্রিল) বিকেলে আশুলিয়া ইউনিয়নের রুস্তমপুর এলাকায় নদীর তীরে এই বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন কয়েক হাজার ভুক্তভোগী এলাকাবাসী। রুস্তমপুরসহ পার্শ্ববর্তী ৩০টি গ্রামের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি এই ব্রিজটি নির্মাণ করা। আশুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবিরের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে রুস্তমপুর, নয়াপাড়া, পাড়াগ্রাম, বিনোদপুর, সাইপাড়া, দেউন, সাধুপাড়া, চানগাঁও, খাগান ও দত্তপাড়াসহ অন্তত ৩০টি গ্রামের কয়েক হাজার মানুষ অংশ নেন। হাতে হাত ধরে তারা তুরাগ তীরের দীর্ঘ পথ জুড়ে মানবপ্রাচীর তৈরি করেন।
এলাকাবাসীর এই নায্য দাবির সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপুল সংখ্যক শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা। কর্মসূচিতে বক্তব্য রাখেন আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মেহেদী হাসান আজাদ, আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহের আলী এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী দিলজিপ কবির। বক্তারা তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, আধুনিক এই সময়েও রুস্তমপুর এলাকার কয়েক হাজার মানুষকে প্রতিদিন খেয়া নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। একটি ব্রিজের অভাবে এই অঞ্চলের কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে।
স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা তুরাগ নদীর ওপর একটি ব্রিজ হবে, যা তাদের ভাগ্য বদলে দেবে। কিন্তু যুগ যুগ ধরে কেবল আশ্বাসের বাণী শুনে আসছেন তারা। সরেজমিনে দেখা গেছে, ব্রিজের অভাবে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা। অনেক সময় খেয়া নৌকার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে গিয়ে তাদের ক্লাসে উপস্থিত হতে দেরি হয়। এছাড়া মুমূর্ষু রোগী পরিবহনে ব্রিজ না থাকায় বিকল্প দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। এলাকাবাসীর দাবি, ৩০টি গ্রামের মানুষের এই অবর্ণনীয় কষ্ট লাঘবে সরকারকে অনতিবিলম্বে রুস্তমপুর এলাকায় তুরাগ নদীর ওপর একটি টেকসই ব্রিজ নির্মাণের বরাদ্দ দিতে হবে।
মানববন্ধন চলাকালে উপস্থিত জনতা স্লোগান দেন এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, স্বাধীনতার এত বছর পরেও কেন একটি ব্রিজের জন্য এভাবে মানববন্ধন করতে হবে তা তাদের বোধগম্য নয়। এই অঞ্চলের অর্থনীতির চাকা সচল রাখতে এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ব্রিজের কোনো বিকল্প নেই। বিকেলের এই কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র-শিক্ষক, কৃষক-শ্রমিক এবং সাধারণ মানুষের কণ্ঠে ফুটে ওঠে এক ও অভিন্ন দাবি—‘রুস্তমপুর তুরাগ নদীর ওপর ব্রিজ চাই’।
রুস্তমপুরবাসীর এই নায্য দাবি এখন কেবল একটি ব্রিজ নির্মাণের আবেদন নয়, বরং তা জনদাবিতে রূপ নিয়েছে। সরকারের উচ্চপর্যায় থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই এই ৩০টি গ্রামের কয়েক হাজার মানুষের আজন্মের দুর্ভোগের অবসান হতে পারে। কর্তৃপক্ষের ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় এখন প্রহর গুনছে পুরো আশুলিয়াবাসী।
আরও পড়ুন