Views: 3

রাজধানীর ফার্মগেটে অবস্থিত ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চার প্রধান সংগঠন ‘তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি’ (তেকসাস)-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে দেশপত্র পত্রিকার আজিজুল ইসলাম যুবরাজ সভাপতি এবং কাল প্রকাশ-এর জান্নাতুন নেছা বুশরা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেছেন। বুধবার (১৫ এপ্রিল) সংগঠনের জ্যেষ্ঠ উপদেষ্টা রাজু আহমেদ ও উপদেষ্টা সজিব আহমেদ রিওন আগামী এক বছরের জন্য এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেন। নতুন এই নেতৃত্বের মাধ্যমে তেকসাসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোঃ সাকিবুল হাসান (একাত্তর টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিয়াজ করিম রাকিব (সংবাদ টিভি), অর্থ সম্পাদক মোঃ রাকিব হাসান (আজকের পেপার), দপ্তর সম্পাদক মোঃ তুহিন ইসলাম রাতুল (দৈনিক প্রলয়), সহ-দপ্তর সম্পাদক তাসনিম রহমান (এনবিবি) এবং প্রচার সম্পাদক হিসেবে আতিকুল ইসলাম (ডেইলী নোট ২৪) দায়িত্ব পেয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এহসানুল ইসলাম ইমন (জয়যাত্রা), ফারজানা সুলতানা সামিয়া (ভোরের জানালা) ও মেহেদী হাসান শ্রাবণ (বায়ান্নর কন্ঠ)। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী এক বছর এই কমিটি তেকসাসের সকল কর্মকাণ্ড পরিচালনা করবে।

২০২০ সালের ২৮ এপ্রিল ‘সততা একতা বিচক্ষণতা’ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করা তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি শুরু থেকেই ক্যাম্পাস সাংবাদিকতা ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ২০২৫ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সাংগঠনিক পরিস্থিতি এবং পূর্ববর্তী কমিটির বৈষম্যের শিকার হওয়া সদস্যদের নিয়ে গঠিত আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ার পর উপদেষ্টামণ্ডলীর সিদ্ধান্তে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি আজিজুল ইসলাম যুবরাজ এবং সাধারণ সম্পাদক জান্নাতুন নেছা বুশরা তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে সর্বদা সচেষ্ট থাকবেন।

এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সচিব মাসুদুর রহমান। তিনি এক বার্তায় বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে তেকসাস তার পেশাগত উৎকর্ষের শিখরে পৌঁছাবে। তিনি কলেজ পরিবারের সকলকে নতুন কমিটিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে, লেখনীর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে সক্ষম হবে। নতুন এই কমিটি পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তেকসাসকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির নতুন এই যাত্রা ক্যাম্পাস সাংবাদিকতায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে। সততা ও সাহসিকতার সাথে সংবাদ পরিবেশন করে তেকসাস সাধারণ শিক্ষার্থীদের আস্থার প্রতীক হয়ে থাকবে বলে মনে করছেন ক্যাম্পাস সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ চৌধুরীর নেতৃত্বে জেলা পরিষদে বর্ষবরণ