Views: 2

গাজীপুরের কালিয়াকৈরে কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্প খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় এই উন্নয়নমূলক কাজের সূচনা করা হয়। কালিয়াকৈর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ খালের নাব্যতা ফিরিয়ে আনতে এবং জলাবদ্ধতা নিরসনে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গাজীপুর জেলা প্রশাসক জনাব নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খাল খনন বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি একদিকে যেমন গ্রামীণ অতি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, অন্যদিকে কৃষি জমি চাষাবাদের জন্য প্রয়োজনীয় পানি নিষ্কাশন ও সংরক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়ন করছে। কালিয়াকৈরের কৃষি ব্যবস্থার উন্নয়ন ও তুরাগ নদীর নাব্যতা রক্ষায় এই খনন কাজ গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

এদিন অনুষ্ঠানের মাধ্যমে কালিয়াকৈর উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে খনন কাজের উদ্বোধন করা হয়। এর মধ্যে রতনপুর রেলব্রিজ হতে সুরিচালা এবং মকসবিল হতে তুরাগ নদী পর্যন্ত খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ফুলবাড়িয়ায় গোয়ালিয়া নদী হতে শিমুলিয়াপাড়া পর্যন্ত খাল পুন:খনন কাজেরও শুভ উদ্বোধন করা হয়। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, দীর্ঘ দিন খননের অভাবে ভরাট হয়ে যাওয়া এসব খাল পুনরায় সংস্কার হওয়ায় বর্ষা মৌসুমে ফসলি জমির জলাবদ্ধতা যেমন দূর হবে, তেমনি শুষ্ক মৌসুমে সেচ কাজেও বিশেষ সুবিধা পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) জনাব মোঃ সোহেল রানা, কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ এ এইচ এম ফখরুল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ ফাহিম শাহরিয়ার এবং গাজীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মোঃ আওলাদ হোসেন। বক্তারা নির্দিষ্ট সময়ের মধ্যে এবং সঠিক মান বজায় রেখে খনন কাজ সম্পন্ন করার জন্য প্রকল্প সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সরকারের এই প্রকল্পের মাধ্যমে একদিকে পরিবেশের উন্নয়ন ঘটবে, অন্যদিকে প্রান্তিক মানুষের দারিদ্র্য বিমোচনেও এটি সহায়ক ভূমিকা রাখবে।

কালিয়াকৈরে এই খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তুরাগ নদীর অববাহিকায় কৃষি বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের তদারকি ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় এ প্রকল্প সফল হলে উপজেলার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

আরও পড়ুন

প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ চৌধুরীর নেতৃত্বে জেলা পরিষদে বর্ষবরণ