ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে ১১৭টি ভোটকেন্দ্রের সবকটির ফলাফল শেষে রাত ১১টার দিকে তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ধানের শীষ প্রতীকে শামা ওবায়েদ পেয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৯০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট।
শামা ওবায়েদ বিএনপির সাবেক মহাসচিব ও বর্ষীয়ান নেতা মরহুম কে এম ওবায়দুর রহমানের কন্যা। বাবার মৃত্যুর পর দীর্ঘ ১৭ বছর ধরে নিজ নির্বাচনী এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড ও মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন তিনি। এই নিরবচ্ছিন্ন সংগ্রামের ফলস্বরূপ এবারই প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন তিনি। সালথা ও নগরকান্দার সাধারণ ভোটাররা মনে করছেন, শামা ওবায়েদের এই জয় তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও বাবার প্রতি সাধারণ মানুষের ভালোবাসার প্রতিফলন। ফলাফল ঘোষণার পর পুরো নির্বাচনি এলাকায় ধানের শীষের সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে এবং সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের নতুন আশা সঞ্চারিত হয়েছে।