Views: 1
তৌহিদুল ইসলাম
মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি ২০২১ নরসিংদীর বেলাবোতে মুক্তিযুদ্ধের এক সংগঠকের বাড়ির আঙ্গিনায় মাটি কাটার সময় উদ্ধার হলো ৩,৪৬০ পিস রাইফেলের গুলি। এসব গুলি মুক্তিযুদ্ধকালীন সময়ে যুদ্ধে ব্যবহারের জন্য মুক্তিযোদ্ধাদের মজুদ রাখা ছিলো বলে ধারনা করছে পুলিশ ও স্থানীয়রা। রাতে উপজেলার চরউজিলাব গ্রামের প্রয়াত কৃষক নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড আব্দুল হাই এর বাড়ির আঙ্গিনা থেকে এসব গুলি উদ্ধার করে থানা পুলিশ।
এ সময় মাটি খুঁড়ে গুলি বের হওয়ার ঘটনা দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ সাংবাদিকদের জানায়, মাটি কাটার শ্রমিকরা মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আব্দুল হাই এর বাড়িতে মাটি ভরাটের জন্য বাড়ির আঙ্গিনার কলাগাছের পাশ থেকে মাটি কাটছিলেন।
মঙ্গলবার দিনভর মাটি কেটে নেয়ার পর সন্ধ্যায় মাটির নীচে গুলিভর্তি একটি বক্স দেখতে পান তারা। এ সময় বাড়ির মালিক মুক্তিযোদ্ধা আবদুল হাই এর ছেলে বায়েজিদকে গুলির বক্স পাওয়ার খবর জানালে তিনি থানায় খবর দেন। খবর পেয়ে বেলাব থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় রাত ১০টা পর্যন্ত মাটি খুঁড়ে ৩ হাজার ৪৬০ পিস রাইফেল এর গুলি উদ্ধার করে। উদ্ধার হওয়া থ্রি নট থ্রি রাইফেলের এসব গুলি মুক্তিযুদ্ধকালীন সময়ে যুদ্ধে ব্যবহারের জন্য মুক্তিযোদ্ধাদের মজুদ রাখা ছিলো বলে ধারনা করছে পুলিশ ও স্থানীয়রা। ১৯৭১ সালে আবদুল হাই এর বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিলো জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। তিনি আরো বলেন, উদ্ধার করা গুলি থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গুলি গুলো জেলা পুলিশ লাইনে পাঠিয়ে দেয়া হবে।