বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

আধুনিক প্রযুক্তিতে ইংরেজি শেখা: কাপ্তাইয়ে প্রভাষক নুরুল আবছারের বই প্রকাশ।
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ১ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১১ মার্চ, ২০২৬
কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার মো. আলিফ উল্লাহ (শিক্ষা), বিএন ও অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিতিতে ‘ইংলিশ বুস্টার’ বইটির মোড়ক উন্মোচন মুহূর্ত।
কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার মো. আলিফ উল্লাহ (শিক্ষা), বিএন ও অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিতিতে ‘ইংলিশ বুস্টার’ বইটির মোড়ক উন্মোচন মুহূর্ত।

Views: 2

পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি শেখার বিশেষ সহায়ক গ্রন্থ ‘ইংলিশ বুস্টার’-এর শুভ মোড়ক উন্মোচন করা হয়েছে। প্রতিষ্ঠানটির ইংরেজি বিভাগের জনপ্রিয় প্রভাষক নুরুল আবছার রচিত এই বইটি মূলত শিক্ষার্থীদের ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা, শ্রবণ দক্ষতা বৃদ্ধি এবং সঠিক উচ্চারণ শেখার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই বইটি ইংরেজি ভীতি দূর করতে এক অনন্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

গত সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষের কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার মো. আলিফ উল্লাহ (শিক্ষা), বিএন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। এই বইটি লিসেনিং, স্পিকিং, প্রনানসিয়েশন, প্রেজেন্টেশন, ভোকাবুলারি, গ্রামার এমনকি ডিবেটিং ও আইইএলটিএস-এর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্ষমতা বাড়াতে দারুণ সহায়ক হবে। বিশেষ করে অধ্যায়ভিত্তিক অনুশীলনী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস জোগাতে সাহায্য করবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম, কলেজ শাখার কো-অর্ডিনেটর মো. কামরুল আলম এবং মাধ্যমিক শাখার কো-অর্ডিনেটর মো. মাহফুজুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা বইটির বিষয়বস্তু এবং সময়োপযোগী উপস্থাপনার প্রশংসা করেন। তারা মনে করেন, প্রথাগত ব্যাকরণ শিক্ষার বাইরে গিয়ে ব্যবহারিক ইংরেজি শেখার ক্ষেত্রে এই বইটি একটি মাইলফলক হয়ে থাকবে।

বইটির লেখক প্রভাষক নুরুল আবছার তার প্রতিক্রিয়ায় বলেন, ‘ইংলিশ বুস্টার’ কেবল একটি সাধারণ বই নয়, এটি একটি পূর্ণাঙ্গ লার্নিং সিস্টেম। বইটির বিশেষত্ব হলো এতে কিউআর কোডভিত্তিক নেটিভ ভয়েস প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা স্মার্টফোনের মাধ্যমে কোড স্ক্যান করে সরাসরি নেটিভ স্পিকারদের সঠিক উচ্চারণ ও বাস্তবসম্মত বাক্যপ্রয়োগ শুনতে পারবে। এতে লিসেনিং ও স্পিকিং দক্ষতার অভাবনীয় উন্নয়ন ঘটবে। বইটিতে ফ্রিল্যান্সিং, শিক্ষকদের জন্য প্রয়োজনীয় ইংরেজি, ক্রিকেট ও ফুটবল কমেন্টারি এবং বিসিএস ভাইভা মডেলের মতো বৈচিত্র্যময় বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা একে অন্য সব বই থেকে আলাদা করেছে।

লেখক আরও জানান, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে কেউ এই বইটি থেকে উপকৃত হতে পারবেন। পরিবারের ছোট-বড় সবার জন্যই এটি সমানভাবে উপযোগী। বিশেষ করে যারা আইইএলটিএস বা প্রফেশনাল প্রেজেন্টেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ‘ইংলিশ বুস্টার’ একটি কার্যকর সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করবে। হেডফোনের মাধ্যমে শুনে শুনে ইংরেজি চর্চার এই আধুনিক পদ্ধতি শিক্ষার্থীদের ভাষাগত জড়তা কাটাতে সহায়ক হবে।

শিক্ষার গুণগত মানোন্নয়নে এমন সৃজনশীল প্রকাশনা অত্যন্ত জরুরি। কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের এই উদ্যোগ এবং প্রভাষক নুরুল আবছারের এই শ্রম শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ অবদান রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard