বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

স্পার বাঁধ রক্ষায় ইউএনও’র হানা: মধ্যরাতে পদ্মায় অবৈধ মাটি কাটায় জেল ও জরিমানা
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: / ৭ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১১ মার্চ, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ অবৈধ মাটিভর্তি ট্রাক্টর জব্দ করে সাজা প্রদান করছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ অবৈধ মাটিভর্তি ট্রাক্টর জব্দ করে সাজা প্রদান করছেন।

Views: 6

১৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পদ্মা নদীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ৬, ৭ ও ৮ নং স্পার বাঁধ এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এক শক্তিশালী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার (৯ মার্চ) মধ্যরাতে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ মাটি পরিবহন ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। একই সাথে মাটি বহনকারী একটি ট্রাক্টরের চালককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের এই আকস্মিক ও কঠোর পদক্ষেপে নদী ভাঙন কবলিত মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

অভিযান সূত্রে জানা গেছে, গভীর রাতে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মূল চক্রের ভূমিদস্যুরা সটকে পড়লেও বিএমএইচ ব্রিকস (হিরো ইটভাটা)-এর সামনে থেকে মাটি ভর্তি একটি ট্রাক্টরসহ চালক সাকিব রানাকে (১৯) হাতেনাতে আটক করা হয়। আটককৃত সাকিব রানা স্বীকার করেন যে, তিনি ৮ নং স্পার বাঁধ এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে হিরো ইটভাটায় সরবরাহ করছিলেন।

পরবর্তীতে ঘটনার সত্যতা স্বীকার করেন উক্ত ইটভাটার ম্যানেজার আলহাজ্ব এনামুল হক (৬১)। অপরাধের গুরুত্ব বিবেচনা করে আটক সাকিব রানাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ৫ দিন করে মোট ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ইটভাটার ম্যানেজার এনামুল হককে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক তা আদায় করা হয়। নদী ও পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করে এই আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন এই বিষয়ে বলেন, পদ্মা নদী এবং স্থানীয় পরিবেশ রক্ষায় সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবেই উপজেলা প্রশাসন নিয়মিত এই ধরণের অভিযান পরিচালনা করছে। স্পার বাঁধের মাটি কেটে নিয়ে যাওয়ায় নদী ভাঙন ও পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছিল। জনস্বার্থে এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় ভবিষ্যতে এই ধরণের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এই সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ হবে।

নদী ভাঙন কবলিত চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য পদ্মা নদীর স্পার বাঁধ রক্ষা করা একটি জীবন-মরণ প্রশ্ন। ভ্রাম্যমাণ আদালতের এমন সময়োপযোগী ও কঠোর পদক্ষেপ এই জনপদকে নদী ভাঙন ও পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard