শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

ওসমানীনগরে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো ঈদের প্রধান জামাত
সুবল চন্দ্র দাস, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২১ মার্চ, ২০২৬
সিলেটের ওসমানীনগরের নিজ বুরুঙ্গা শাহী ঈদগাহ ময়দানে কয়েক হাজার মুসল্লি কাতারবন্দি হয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন।
সিলেটের ওসমানীনগরের নিজ বুরুঙ্গা শাহী ঈদগাহ ময়দানে কয়েক হাজার মুসল্লি কাতারবন্দি হয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন।

Views: 15

৮৫

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পর আজ ২১ মার্চ ২০২৬, শনিবার সারা দেশের ন্যায় সিলেট জেলার ওসমানীনগরেও অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা এবং অনাবিল আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বৃষ্টির আশঙ্কা কাটিয়ে ভোরের আলো ফুটতেই মুসলিম উম্মাহর এই প্রধান ধর্মীয় উৎসবে শরিক হতে উপজেলার প্রতিটি জনপদ মুখরিত হয়ে ওঠে। রঙিন ও নতুন পোশাকে সজ্জিত হয়ে ছোট-বড় নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদগাহ ও মসজিদ অভিমুখে যাত্রা করেন, যা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

ওসমানীনগর উপজেলার ৪নং বুরুঙ্গা ইউনিয়নের ঐতিহ্যের প্রতীক ‘নিজ বুরুঙ্গা শাহী ঈদগাহ’ ময়দানে উপজেলার অন্যতম প্রধান ও বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকালের নির্ধারিত সময়ে পাঁচটি ভিন্ন ভিন্ন গ্রামের কয়েক হাজার মুসল্লি এই বিশাল জামাতে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করেন। নামাজের পর ইমাম সাহেব বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বিশেষ করে প্রবাসে থাকা বাংলাদেশিদের মঙ্গল এবং দেশের চলমান অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষার জন্য দোয়া করা হয়।

নামাজ শেষে উপস্থিত মুসল্লি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ একে অপরের সাথে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে হাফিজ মাওলানা রুহুল আমিন বলেন, দীর্ঘ এক মাস কঠোর ত্যাগের পর আজ আমরা নিজ বুরুঙ্গা শাহী ঈদগাহ ময়দানে পাঁচটি গ্রামের ধর্মপ্রাণ মানুষকে নিয়ে একত্রিত হয়েছি। এই যে ভ্রাতৃত্বের মেলবন্ধন, এটাই ঈদের প্রকৃত সৌন্দর্য। আল্লাহ তায়ালা আমাদের মাঝে শান্তি ও সুস্থতা বজায় রাখুন, যেন আমরা সবাই আগামী দিনগুলোতে সুখে-শান্তিতে বসবাস করতে পারি।

অনুষ্ঠানে উপস্থিত থেকে দেশ-বিদেশের সকলকে ঈদের শুভেচ্ছা জানান সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান। তিনি তাঁর বার্তায় বলেন, আজ আমাদের এই ঐক্যবদ্ধ ঈদের জামাত প্রমাণ করে যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। প্রবাসে থাকা আমাদের ভাই-বোনসহ সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। বিশিষ্ট শিক্ষক সিরাজুল ইসলামও তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, পাঁচটি মহল্লার সকল মানুষ যখন এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তখন মনের ভেতর এক অন্যরকম প্রশান্তি অনুভূত হয়। সকলকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক।

এছাড়া কাজী অফিস সহকারী শেখ নুর উদ্দিন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, পবিত্র রমজান মাস আমাদের যে ধৈর্যের শিক্ষা দিয়েছে, তা যেন সারাবছর আমাদের মাঝে বিরাজ করে। আমরা প্রতি বছরের ন্যায় এবারও একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করছি, যা আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। নামাজ শেষে মুসল্লিরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান এবং পাড়া-মহল্লায় ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। সার্বিকভাবে ওসমানীনগরে এবারের ঈদ উদযাপন ছিল শান্তিপূর্ণ ও অত্যন্ত সুশৃঙ্খল।

ওসমানীনগরের নিজ বুরুঙ্গা শাহী ঈদগাহে পাঁচটি গ্রামের মানুষের এই মিলনমেলা প্রমাণ করে যে ঈদ মানেই আনন্দ এবং সকল বৈষম্য ভুলে যাওয়ার এক অনন্য সুযোগ। প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা ও স্থানীয়দের সহযোগিতায় অত্যন্ত সুন্দরভাবে এই ধর্মীয় উৎসব সম্পন্ন হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update