শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৬: আন্তর্জাতিক অঙ্গনে গাকৃবির ঐতিহাসিক মাইলফলক
মোঃ সোহেল মিয়া / ১৩ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

Views: 5

১৬

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের উচ্চশিক্ষা বিশ্লেষণকারী স্বনামধন্য র‍্যাঙ্কিং প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৬’-এ এক অভাবনীয় সাফল্য অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। প্রকাশিত তালিকার ‘কৃষি ও বনায়ন’ (Agriculture and Forestry) ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ প্রভাবশালী বিশ্ববিদ্যালয়গুলোর সাথে পাল্লা দিয়ে গাকৃবি প্রথমবারের মতো ৪০১-৪৭৫ তম স্থান দখল করেছে। গত ২৫ মার্চ ২০২৬ তারিখে কিউএস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে উৎসবের আমেজ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই অর্জনকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে গণ্য করা হচ্ছে।

​গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্যের পেছনে বর্তমান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সুনিপুণ নেতৃত্ব ও দিকনির্দেশনা অগ্রণী ভূমিকা পালন করেছে। গত এক বছরে তাঁর সুযোগ্য তত্ত্বাবধানে গবেষণার প্রসার, আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিক পরিবেশ সৃষ্টি এবং শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন গাকৃবিকে এই মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত করেছে। উল্লেখ্য যে, এর আগে কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে গাকৃবির অবস্থান ছিল বিশ্বের ১০৭১-১০৮০ এর মধ্যে, যা মাত্র এক বছরের ব্যবধানে বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে ব্যাপক উন্নতি সাধন করেছে। এবারের তালিকায় কৃষি ও বনায়ন বিভাগে নেদারল্যান্ডের ভাগেনিঙেন ইউনিভার্সিটি প্রথম এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি দ্বিতীয় স্থান অধিকার করেছে।

​আন্তর্জাতিক এই র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ১০০টি উচ্চশিক্ষা ব্যবস্থার অধীনে ১,৯০০টিরও বেশি প্রতিষ্ঠানের ২১ হাজারেরও বেশি একাডেমিক প্রোগ্রামকে অত্যন্ত কঠোরভাবে মূল্যায়ন করা হয়েছে। গাকৃবি শুধুমাত্র কিউএস র‍্যাঙ্কিংয়েই নয়, বরং টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। এছাড়া টিএইচই সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে লাইফ সায়েন্স ক্যাটাগরিতেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গাকৃবি তার আধিপত্য বজায় রেখেছে। অন্যদিকে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে টিএইচই ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৫-এ গাকৃবি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

​উদ্ভাবন ও প্রযুক্তির ক্ষেত্রেও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জয়যাত্রা অব্যাহত রয়েছে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৫-এর তালিকায় গ্লোবাল টপ ইনোভেটিভ ইউনিভার্সিটিজ ক্যাটাগরিতে গাকৃবি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করে। একই সাথে প্রযুক্তি ও উদ্ভাবনে বিশ্বের শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে ৭৭তম এবং বৈশ্বিক শীর্ষ ৪০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৩৩১তম স্থানে উঠে এসে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ সাফল্যের স্বাক্ষর রেখেছে। সার্বিক এই অভাবনীয় অর্জনে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের পুরো পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফসল। তিনি আরও জানান যে, এটি কেবল একটি র‍্যাঙ্কিং নয়, বরং দেশের কৃষি গবেষণা ও উদ্ভাবনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। তাঁর লক্ষ্য এখন গাকৃবিকে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়া।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update