পালংখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক মিলনমেলা
উখিয়ার পালংখালীতে আঞ্জুমানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উঠান বৈঠকে উপস্থিত অভিভাবক ও শিক্ষা কর্মকর্তাবৃন্দ।
“মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা”—এই দৃঢ় অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়ায় এক ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শিশুদের পঠন দক্ষতার উন্নয়ন, বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন করা হয়। মঙ্গলবার (১২ মে) বিকাল ৪টায় পূর্ব ফারিরবিলের করাচি পাড়াস্থ সাইফুলের বাড়িতে আঞ্জুমানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা কর্মকর্তাদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি হয়েছে যা স্থানীয় শিক্ষা ব্যবস্থায় নতুন প্রাণের সঞ্চার করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য ও প্রাক্তন সভাপতি হেলাল উদ্দিন। আঞ্জুমানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ জাহানের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক অভিভাবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বৈঠকে বক্তারা শিশুদের মেধা বিকাশে কেবল বিদ্যালয়ের ওপর নির্ভর না করে অভিভাবকদের নিয়মিত তদারকির ওপর বিশেষ জোর দেন।
বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল শিক্ষার্থীদের পঠন দক্ষতা বৃদ্ধি। শিশুদের রিডিং পড়ার সক্ষমতা বাড়াতে বাড়িতে নিয়মিত অনুশীলন করানোর জন্য অভিভাবকদের অনুরোধ জানানো হয়। এছাড়া প্রতিদিন শিক্ষার্থীকে সময়মতো বিদ্যালয়ে পাঠানো এবং ঝরে পড়া রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ডাক দেওয়া হয়। বক্তারা উল্লেখ করেন, শুধু ক্লাসের পাঠ্যবই নয়, বরং শিশুর সৃজনশীল মেধা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। অভিভাবকরা সরাসরি শিক্ষা কর্মকর্তাদের সাথে কথা বলার সুযোগ পাওয়ায় তাদের সন্তানদের পড়াশোনার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী বলেন, একটি শিক্ষিত জাতি গঠনের মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। শিশুদের ঝরে পড়া রোধ করতে এবং শিক্ষার প্রকৃত গুণগত মান নিশ্চিত করতে হলে শুধু শ্রেণিকক্ষই যথেষ্ট নয়, অভিভাবকদের সর্বোচ্চ সচেতন হতে হবে। তিনি আরও বলেন, আজকের এই উঠান বৈঠক সেই সচেতনতা বৃদ্ধির একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করবে। উপস্থিত অভিভাবকরাও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিজেদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ জাহান।
উখিয়ার দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে আঞ্জুমানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই উঠান বৈঠক একটি অনুকরণীয় দৃষ্টান্ত। শিক্ষক ও অভিভাবকদের এই ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকলে এই অঞ্চল থেকে ঝরে পড়া শিক্ষার্থীর হার শূন্যে নেমে আসবে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হবে।








