Views: 1
জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৫টার দিকে উপজেলার কাথরিয়ার পূর্ব বাঘমারা গ্রামে একটি মেছোবাঘ লোকালয়ে ঢুকে পড়লে গ্রামবাসী ধাওয়া করে বাঘটিকে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখে।
মেছো বাঘটি দেখতে আশেপাশের কয়েকশ’ মানুষ ভিড় জমায়।
অভিযোগে প্রকাশ এ সময় স্থানীয় কিছু যুবককে বাঘটিকে হত্যা করে উল্লাসে মেতে উঠতে দেখা যায়।
স্থানীয় লোকজন জানান, কাথরিয়ার পূর্ব বাঘমারা গ্রামের অদূরে খালের ঝোপঝাড় ও কবরস্থানের ঝোপঝাড়ে মেছো বাঘের আনাগোনা হয়।
এখানে কয়েকটি মেছো বাঘ আছে। এগুলো এলাকায় প্রবেশ করে মুরগি, ছাগল খেয়ে ফেলে। গরুকে কামড়ায়, লোকালয়ে ডুকে মানুষ দেখলে দৌড়ায়।
স্থানীয় ইউপি সদস্য রমিজ উদ্দিন বলেন, “বেশ কয়েকদিন ধরে একটি বাঘ বেপরোয়া হয়ে গ্রামে প্রবেশ করে গৃহপালিত পশুদের ওপর হানা দেয়।” গত বুধবার এলাকার ২ থেকে ৩ শত লোকজন মেছো বাঘটিকে ধাওয়া করে হত্যা করে বলে স্বীকার করেন তিনি।
এ ব্যাপারে জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, “এলাকার জনগণের মধ্যে সচেতনতার অভাবে এ ধরনের বিপন্ন প্রাণী হারিয়ে যাচ্ছে। মেছো বাঘ দেখলেই গ্রামবাসী কৌতূহল ও অতি উৎসাহী হয়ে হত্যা করছে।”
কাথরিয়ার বাঘমারায় একটি মেছো বাঘ হত্যার খবর পেয়ে শুক্রবার একটি টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।