Views: 0
দিনাজপুর: দিনাজপুরের হিলি পৌর শহরের ধরন্দা গ্রামের ১ বছর বয়সী শিশু আলী আবরার অয়নের হৃদপিণ্ডে বড় একটি ছিদ্র ধরা পড়েছে। অর্থের অভাবে তার ব্যয়বহুল চিকিৎসা করাতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন তার বাবা-মা। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত অপারেশন করা না হলে এই শিশুর জীবন বাঁচানো কঠিন হয়ে পড়বে।
অয়ন হিলির ধরন্দা গ্রামের শিক্ষার্থী দম্পতি আলী হোসেন অন্তর ও আঁখি মনির প্রথম সন্তান। জন্মের পর থেকেই সে নানা শারীরিক জটিলতায় ভুগছিল। মাত্র তিন মাস বয়সে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার হৃদপিণ্ডে একটি বড় ছিদ্র রয়েছে। এরপর থেকে বাবা-মা তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে চিকিৎসা চালিয়ে গেছেন, কিন্তু অপারেশনের জন্য প্রয়োজন ৬ থেকে ৭ লক্ষ টাকা। বর্তমানে তারা নিঃস্ব হয়ে পড়েছেন এবং নিয়মিত চিকিৎসাও বন্ধ হয়ে গেছে।
অপুষ্ট ও দুর্বল দেহের কারণে অয়ন স্বাভাবিক খাবার খেতে পারে না, খেলেও তা বমি হয়ে বেরিয়ে যায়। দিনরাত তার কান্নায় বাবা-মায়ের চোখে ঘুম নেই। অয়নের ফুফু মুক্তা বেগম জানান, “অপারেশন ছাড়া আর কোনো পথ নেই। এত টাকা কোথা থেকে আসবে জানি না।”
স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, “অন্তরের সন্তানটি খুব খারাপ অবস্থায় আছে। আমরা এলাকাবাসী যতটুকু পারছি সাহায্য করছি, কিন্তু এত টাকা জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব।” তিনি দেশবাসীর কাছে এই শিশুর জীবন বাঁচাতে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছেন।
হাকিমপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা জানান, “শিশুটির পরিবার সরকারি অনুদানের জন্য আবেদন করেছে। আশা করছি তারা অন্তত ৫০ হাজার টাকা সহযোগিতা পাবে।”
অসহায় এই বাবা-মা কাঁদছেন আর বলছেন, “আমাদের কোলে ফোটা ফুল আজ ঝরে যাচ্ছে। যা কিছু ছিল সব দিয়েছি। এখন আমরা পুরোপুরি অসহায়। দয়া করে আমাদের অবুঝ সন্তানের পাশে দাঁড়ান।”
অসহায় এই পরিবারের একটাই আকুতি, সমাজের দয়ালু মানুষগুলো যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে হয়তো প্রাণ ফিরে পাবে এক বছরের নিষ্পাপ শিশু অয়ন।