Views: 1
গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় ফুটপাত দখলমুক্ত করতে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জিএমপির ট্রাফিক উত্তর জোনের সহকারী কমিশনার (এসি) মো. শহিদুল আলম এবং বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ। এসময় পুলিশ ও ট্রাফিক বিভাগের বিপুল সংখ্যক সদস্য অভিযানে অংশ নিয়ে সড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা হকারদের দোকানপাট ও ভাসমান দোকানগুলো উচ্ছেদ করেন।
পুলিশ জানায়, নগরীর এই গুরুত্বপূর্ণ মোড়ে হকারদের দখলের কারণে দীর্ঘদিনের যানজট এবং পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতেই এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে। অভিযান শেষে ফুটপাতগুলো পুরোপুরি পরিষ্কার ও চলাচলের উপযোগী করে তোলা হয়। জনস্বার্থে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটপাত ও সড়ক পুনরায় দখল রোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশের এই সময়োচিত উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা এবং নিয়মিত যাতায়াতকারী পথচারীরা।