Views: 3
বাগেরহাটের মোংলায় মাদকের একটি বড় আখড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী। রবিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্টের কর্মকর্তা লেঃ মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে ২০ সদস্যের একটি বিশেষ টিম মাদ্রাসা রোডের ওই আস্তানায় এই ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযান শুরুর পর নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদকসেবী কৌশলে পালিয়ে গেলেও তিনজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হন নৌ সদস্যরা। আটকরা হলেন—পৌর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা মোঃ সজল হোসেন সুজন (২৮), মোঃ নজরুল ইসলাম (৪৮) ও মোঃ রায়হান (২৬)। তল্লাশি চালিয়ে ওই আখড়ার বিভিন্ন কক্ষ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম, বিদেশী মদের বোতল এবং চুরি-ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এদিকে মাদ্রাসা রোডের নৌ-পুলিশ ফাঁড়ির মাত্র ৪০ থেকে ৫০ ফুটের মধ্যে এতোদিন ধরে কীভাবে এমন একটি ভয়ঙ্কর মাদকের আখড়া পরিচালিত হয়ে আসছিল, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্টের কর্মকর্তা লেঃ মোঃ ইকবাল হোসেন জানান, জব্দকৃত মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক তিনজনকে মোংলা থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও দৃঢ়তার সাথে ব্যক্ত করেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকের বিস্তার এবং বেআইনি কার্যকলাপ প্রতিহত করতে নৌবাহিনী সর্বদা কঠোর অবস্থানে থাকবে এবং এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত রাখা হবে।