বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

ঢাকা-৮ আসনে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ; রিটার্নিং কর্মকর্তার দপ্তরে হট্টগোল
নিজস্ব প্রতিবেদক: / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 57

ঢাকা-৮ আসনের নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে অভিযোগ ও পাল্টা অভিযোগে গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিভাগীয় রিটার্নিং অফিসারের কার্যালয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে অন্তত ৬টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ফলাফল পাল্টে দেওয়ার গুরুতর অভিযোগ নিয়ে ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী সশরীরে হাজির হওয়ার পর সেখানে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁর বিদায়ের পরপরই ওই কার্যালয়ে আসেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

রাত সাড়ে ৮টার দিকে এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করেন। তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট শাহীন আহমেদ অভিযোগ করেন যে, সিদ্বেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ফলাফল কারচুপির চেষ্টা চলছে। এজেন্টদের ভাষ্যমতে, ওই কেন্দ্রগুলোতে নাসীরুদ্দীন পাটওয়ারী এগিয়ে থাকলেও ফলাফল ঘোষণা না করে তিনবার করে ভোট গণনা করা হচ্ছে এবং বাতিল ভোট যুক্ত করে মির্জা আব্বাসকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এসব অভিযোগ জানিয়ে দীর্ঘ দুই ঘণ্টা অবস্থানের পর রাত সাড়ে ১০টার দিকে কোনো মন্তব্য ছাড়াই কার্যালয় ত্যাগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী চলে যাওয়ার পরপরই রাত পৌনে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন আফরোজা আব্বাস। কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তোলা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাইতেই তাঁকে ডাকা হয়েছিল। তবে আফরোজা আব্বাসের আগমনকে কেন্দ্র করে কার্যালয়ের বাইরে কয়েকশ বিএনপি নেতাকর্মী জড়ো হয়ে স্লোগান দিতে থাকলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানান, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে তবে অফিশিয়ালি এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়। বর্তমানে ওই কেন্দ্রগুলোর ফলাফল যাচাই-বাছাই চলছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে কার্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update