Views: 1
রাঙামাটির কাপ্তাই বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ভবঘুরে হিসেবে জীবনযাপন করা এক অজ্ঞাতপরিচয় মানসিক রোগীর আকস্মিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কাপ্তাই বাজার এলাকায় অবস্থানকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে কাপ্তাই বাজার ও এর আশপাশের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে দীর্ঘ সময় ধরে এই এলাকায় থাকলেও তাঁর প্রকৃত নাম-পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তিকে হঠাৎ অসুস্থ অবস্থায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করলে বুঝতে পারেন তিনি আর বেঁচে নেই। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির এমন অসহায় মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাঁকে নিয়মিত খাবার দিয়ে সহায়তা করতেন বলে জানা গেছে।
কাপ্তাই থানা পুলিশ জানিয়েছে, মরদেহের সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ও পরবর্তী দাফন সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো হৃদয়বান ব্যক্তি বা আত্মীয়স্বজন যদি এই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেন, তবে কাপ্তাই থানায় যোগাযোগ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।