Views: 2
গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার অপরাধে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। গতকাল রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় কাশিমপুর মেট্রো থানাধীন পশ্চিম শৈলডুবী এলাকার একটি গোপন কারখানায় এ অভিযান চালিয়ে প্রধান কসাইকে অর্থদণ্ড প্রদান করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার সহযোগিতায় পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছিবুল ইসলাম নেতৃত্ব দেন। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে দেখা যায়, একটি জরাজীর্ণ কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ১০টি ঘোড়া জবাই করে মাংস আলাদা করার কাজ চলছিল। ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়ায় প্রধান কসাই আলফাজ সরকারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দকৃত বিপুল পরিমাণ ঘোড়ার মাংস তাৎক্ষণিকভাবে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন আদালত।
গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহীন মিয়া আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, জনৈক জহিরের মালিকানাধীন একটি গরুর ফার্মের আড়ালে মূলত এই অবৈধ ঘোড়া জবাইয়ের গোপন কারখানাটি পরিচালিত হচ্ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে ১০টি ঘোড়া জবাইয়ের সময় হাতেনাতে ৯ জন কসাইকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
আটককৃত কসাইরা হলেন—শাহীনুর (৩৫), আলফাজ সরকার (৪৫), সিরাজুল (৬০), করিম (৩৭), তাজরুল (২৯), ফরহাদ (৩২), নজরুল ইসলাম (৩৫), বিল্লাল মিয়া (৫২) ও রায়হান (২৫)। কাশিমপুর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থ রক্ষায় এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।