Views: 0
।
শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি,রমজানের শুরুতেই কাঁচা বাজারে নির্দিষ্ট কয়েকটি পণ্যের দাম লাগামহীন হয়ে পড়েছে। বিশেষ করে বেগুনের গায়ে যেন আগুন লেগেছে, বেগুনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শসার দামও। রোজায় ইফতারের প্রধান উপকরণ বেগুন ও শসা, গাইবান্ধার বিভিন্ন হাট-বাজারে; প্রতিকেজি বেগুন ৪০ ও প্রতিকেজি শসা ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এর আগে প্রতিকেজি বেগুন ১০ টাকা ও প্রতিকেজি শসা ৫ টাকা দরে বিক্রি হচ্ছিল। হঠাৎ অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, ক্ষুব্ধ ক্রেতাদের প্রশ্ন এই দুই দিনে দেশে কী এমন হলো যার কারণে এই চারগুণ দামে বেগুন কিনতে হচ্ছে তাদের । আরেক ক্রেতা বলেন, বেগুন কেনা বন্ধ করে দেন, দেখবেন দাম এমনিতেই কমে যাবে, রোজা হচ্ছে সংযমের মাস, অথচ আমরা খাবারের বেলায় অসংযমী হয়ে উঠি, দোষ ভাই আমাদেরও আছে এমনটাই বলেন তিনি । জেলার সাদুল্লাপুর কাঁচা বাজারের ব্যবসায়ীরা জানান, রমজান মাসে ইফতারির উপকরণে বেগুন ও শসার চাহিদা বেড়ে যাওয়ায় এগুলোর দাম বৃদ্ধি পেয়েছে । গতকাল বৃহস্পতিবার সকালে গাইবান্ধার কয়েকটি হাট-বাজার ঘুরে দেখা গেছে, অন্যান্য সবজির দাম স্বাভাবিক রয়েছে, কিন্তু বেগুন ও শসার দাম বেড়েছে চার গুণ । এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুস ছালাম তালুকদারের সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রতিদিনই বাজার মনিটর করা হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে, কোনো জিনিসের দাম যাতে না বাড়ানো হয়। তারপরও কেউ দাম বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।