Views: 0
নওগাঁর বদলগাছী উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে “উঠানে রাজনীতি” শীর্ষক এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার কোমারপুর নওয়াগাঁ আদিবাসী মহল্লায় এই বৈঠক আয়োজিত হয়।
বদলগাছী উপজেলা জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সংগঠক রেদোয়ান রাফির সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা এনসিপির সংগঠক ইমরুল আখিয়ার পরাগ, দেওয়ান মাহবুব, সোহাগ, তৌফিক হোসেন তপু, কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ম মুখ্য সংগঠক হাসিব চৌধুরীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধিগণ।
প্রধান অতিথির বক্তব্যে মনিরা শারমিন মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিগত ১৭ বছরে মানুষের ভোটাধিকার ছিল না, কেবল স্থানীয় নির্বাচনগুলোতে ভোট হয়েছে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, একটি ভোট দেওয়া মানে পাঁচটি বছরের জন্য একজন ব্যক্তিকে ওয়ার্ড, ইউনিয়ন/পৌরসভা বা রাষ্ট্রপরিচালনার দায়িত্ব তুলে দেওয়া। তাই ভোটের সময় এসে চা খাইয়ে, বিড়ি দিয়ে অথবা টাকা দিয়ে ভোট নিয়ে প্রার্থীরা কী করতে পারে, তা ভেবে দেখতে হবে। তিনি মানুষকে ভেবেচিন্তে, নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পর ভোটাধিকার প্রয়োগ করার বিষয়ে অবহিত করেন।