Views: 0
নরসিংদী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিনা আক্তারকে (১৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে জখম করার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যায় বদরপুর এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দিনার অবস্থা নিয়ে সংবাদ প্রকাশিত হলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা রউফ মিয়া বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা (মামলা নং-৫, তারিখ: ০২/০১/২০২৬) দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৬ ও ৩০৭ সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলা রুজুর পরপরই নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুকের দিক নির্দেশনায় এবং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এ আর এম আল মামুনের নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এজাহারভুক্ত ১ নম্বর আসামি শিপন (২৭), তার পিতা আবুল হোসেন (৬৭) এবং আবুল কাশেম মিয়া (৬০) নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা সকলেই সদর থানার বদরপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনো কারণে এই হামলা চালানো হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।