পলাশবাড়িতে নবজাতককে শ্বাসরোধ করে হত্যা, মা-মেয়ে কারাগারে
মিলন মন্ডল,স্টাফ রিপোর্টার।
/ ১২০
বার দেখা হয়েছে
আপডেট
রবিবার, ১ জুন, ২০২৫
শেয়ার
Views: 1
গাইবান্ধার পলাশবাড়ীতে বিয়ে বহির্ভূত সম্পর্কের কারণে জন্ম নেওয়া নবজাতককে শ্বাসরোধে হত্যার অভিযোগে মা ফাতেমা ও মেয়েকে সহযোগীতার অভিযোগে গোলাপী বেগমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুরে পলাশবাড়ী থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আসমতপুর গ্রামের মনজুর আলীর মেয়ে ফাতেমা আক্তার সম্প্রতি বিয়ের বাইরে এক সন্তানের জন্ম দেন। ১৬ মে গাইবান্ধার একটি বেসরকারি ক্লিনিকে সন্তান প্রসবের পর, সমাজের ভয়ে এবং ঘটনা গোপন রাখতে ফাতেমা আক্তার ও তার মা মিলে নবজাতককে শ্বাসরোধে হত্যা করেন। পরবর্তীতে মরদেহ স্থানীয় বালিয়াগাড়ী বিলে ফেলে দেন তারা। এ ঘটনায় ফাতেমার বাবা মনজুর আলীও সহযোগিতা করেন বলে অভিযোগ উঠেছে।
পরে স্থানীয়রা বিলে নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আসমতপুর গ্রামের শফিকুল মণ্ডলের ছেলে ইয়াসিন মণ্ডল বাদী হয়ে ফাতেমা আক্তার, তার মা গোলাপি বেগম ও বাবা মনজুর আলীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ফাতেমা আক্তার ও তার মা গোলাপি বেগমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে, মামলার আরেক আসামি ফাতেমার বাবা মনজুর আলী এখনও পলাতক রয়েছেন।