Views: 0
ফরিদপুরের মধুখালীতে প্রথমবারের মতো উন্নত জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ ‘নাসির এন-৫৩’ উত্তোলন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় মধুখালী পৌরসভার নদীয়া বাজার কান্দি মাঠে স্থাপিত প্রদর্শনী প্লট থেকে মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনীর আওতায় এই পেঁয়াজ উত্তোলন শুরু হয়। আধুনিক কৃষি প্রযুক্তির এই সফল প্রয়োগ স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহি, মসলা গবেষক মো. মুসফিকুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রাশিদুল হাসান এবং সফল পেঁয়াজ চাষি মো. জামাল হোসেনসহ কৃষি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় কৃষকবৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব এলাহি তাঁর বক্তব্যে বলেন, দেশে গ্রীষ্মকালে পেঁয়াজের ব্যাপক চাহিদা থাকলেও এই সময়ে সাধারণত চাষাবাদ হয় না। সেই ঘাটতি পূরণ এবং আমদানি নির্ভরতা কমাতে আধুনিক জাতের এই প্রদর্শনী কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, গবেষণার মাধ্যমে উদ্ভাবিত ‘নাসির এন–৫৩’ জাতের পেঁয়াজ মাত্র ৯০ থেকে ১১০ দিনের মধ্যেই মাঠ থেকে ঘরে তোলা যায়। অসময়ে এই পেঁয়াজ উৎপাদন সম্ভব হওয়ায় বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং কৃষকরা অধিক লাভবান হবেন। কৃষি বিভাগের এই উদ্যোগ দেখে স্থানীয় কৃষকরা বাণিজ্যিক ভিত্তিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন। যথাযথ সরকারি সহায়তা পেলে আগামীতে এই অঞ্চলে পেঁয়াজ উৎপাদনে বিপ্লব ঘটবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।