Views: 1
গাজীপুর, ২৬ নভেম্বর: গাজীপুর সিটি করপোরেশনের ভোড়া এলাকায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে বিয়ে বাড়ির লোকজনের সংঘবদ্ধ হামলায় গাজীপুর সদর থানার দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন এএসআই আব্দুর রশিদ এবং কনস্টেবল সাইদুল ইসলাম (সাইফুল)।
সোমবার (২৪ নভেম্বর) মধ্যরাতে এই ঘটনা ঘটে। পুলিশের দুজন সদস্যই বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর সদর থানাধীন ভোড়া এলাকায় মাদক মামলার আটক আসামি মো. আব্রাহাম রায়হানের আলামত জব্দ এবং মাদক ব্যবসায়ী মুমতাজ ও শাহ জামাল ওরফে মালা পাগলাকে গ্রেফতারের চেষ্টাকালে সাদা পোশাকে কর্তব্যরত এএসআই আব্দুর রশিদ ও কনস্টেবল সাইফুল ইসলাম (সাইদুল) সংঘবদ্ধ আক্রমণের শিকার হন। মাদক ব্যবসায়ী ও আসামির আত্মীয়-স্বজনসহ প্রায় ২০-৩০ জন পুলিশ সদস্যদের ঘিরে ধরে মাথায় আঘাতসহ মারধর করে।
হামলার এক পর্যায়ে এএসআই আব্দুর রশিদ ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। কনস্টেবল সাইফুল ইসলাম আহত অবস্থায় দৌড়ে সরে গেলেও পরে জ্ঞান হারিয়ে ফেলেন এবং স্থানীয়দের দ্বারা ‘চোর’ সন্দেহে দ্বিতীয় দফা হামলার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম মারধরের পর পালিয়ে এক বাড়ির বাথরুমে আশ্রয় নিয়ে রাত কাটান। সকালে সেই বাসার মহিলা তাকে দেখে অজ্ঞান হয়ে যান, যার ফলে কনস্টেবলকে দ্বিতীয় দফা মারধর করা হয় এবং তিনিও অজ্ঞান হয়ে যান। পরে পুলিশ খবর পেয়ে আহত অবস্থায় দুই সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযানের সময় দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। এ বিষয়ে মামলাসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।