Views: 3
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘দাঁড়িপাল্লা’ মার্কার পক্ষে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ও হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকেলে মুড়াপাড়া বাজারে উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে জামায়াত নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের পরিচালনায় সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাম্মাদ হাফিজুর রহমান।
তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় জোটের প্রার্থীর পক্ষে আজ ভুলতা ছোনাব এলাকায় জামায়াতের নারী নেতৃবৃন্দ গণসংযোগে গেলে সেখানকার স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী তাদের ওপর হামলা ও বাধা প্রদান করেন।
দেশের অর্ধেক ভোটার নারী হওয়া সত্ত্বেও তাদের প্রচারে বাধা দেওয়া গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।” রূপগঞ্জ আসনের ‘দাঁড়িপাল্লা’ মার্কার প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা অভিযোগ করে বলেন, ছোনাব গ্রামে গণসংযোগে গেলে আলমগীর, আনোয়ার ও সামাতুল্লাসহ কতিপয় ব্যক্তি তাদের নারী কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দিয়েছে।
এমনকি পরবর্তীতে এলাকায় দেখলে হাত-পা ভেঙে দেওয়ার ভয় দেখানো হয়েছে। সংবাদ সম্মেলনে অবিলম্বে দোষীদের গ্রেফতার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি আকরাম হোসেন, রূপগঞ্জ উত্তর আমীর মাওলানা আব্দুল মজিদসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।