Views: 17
‘সত্যের পক্ষে সাংবাদিকতার শক্তি’—এই স্লোগানকে ধারণ করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘পূর্বাচল প্রেসক্লাব’। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) উপজেলার পূর্বাচল সি শেল পার্ক রিসর্টে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রেসক্লাবের শুভ উদ্বোধন ও ৩৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।
নবগঠিত এই কমিটিতে সময় টিভির সাংবাদিক মো. রাশেদুল ইসলাম সভাপতি এবং দেশ টিভির সাংবাদিক রাসেল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি এমএস ডালিম, সহ-সভাপতি নাজমুল হুদা ও শাহেল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সানী। এছাড়াও অর্থ সম্পাদক স্বপন মিয়া ও দপ্তর সম্পাদক পদে নূরে আলম ভুঁইয়া আকাশসহ ৩৬ সদস্যের একটি শক্তিশালী ও পেশাদার টিম গঠন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মানবকণ্ঠের সিইও সৌরভ হাসান সজীব, পূর্বাচল প্রেসক্লাবের উপদেষ্টা হানিফ মোল্লাসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পূর্বাচল প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের জন্য একটি পেশাদার, নিরপেক্ষ ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। নবনির্বাচিত সভাপতি মো. রাশেদুল ইসলাম তাঁর বক্তব্যে পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার করেন। সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ বলেন, স্থানীয় জনস্বার্থ ও উন্নয়নমূলক বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে ক্লাবটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে। স্থানীয় সাংবাদিকরা এই নতুন ক্লাবের যাত্রাকে রূপগঞ্জের সাংবাদিকতার ইতিহাসে এক নতুন দিগন্ত হিসেবে অভিহিত করেছেন।