Views: 20
বগুড়ার শেরপুরে ঘন কুয়াশার কবলে পড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে শেরপুর উপজেলার শালফা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রদীপ (৪৫) নামের এক যাত্রী।
নিহত প্রদীপ বগুড়ার ধুনট উপজেলার ভরণশাহী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় সিএনজিতে থাকা আরও একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধুনট থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা শেরপুরের দিকে আসছিল। অটোরিকশাটি শালফা এলাকায় পৌঁছালে অপর একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা স্কুল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
বাসের ধাক্কায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রদীপের মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত অন্য যাত্রীকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এলাকাবাসীর দাবি, ভোরে তীব্র শীতের সঙ্গে ঘন কুয়াশা থাকার কারণে রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল না, যার ফলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।