Views: 1
গাজীপুরের শ্রীপুরে গহীন গুজারি বনে অজ্ঞাত অবস্থায় উদ্ধার হওয়া এক নারীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করেছে গাজীপুর জেলা পুলিশ। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নিষ্ঠুর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে নিহতের সহকর্মী রাসেল (২৪) কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ ডিসেম্বর বিকেল ৫টা ৪০ মিনিটে উপজেলার গোসিংগা ইউনিয়নের পাচুলটিয়া এলাকার গুপ্তবাইদ গজারি বাগান থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মাথার বাম পাশে আঘাত, নাক–কান দিয়ে রক্ত, শরীরের বিভিন্ন স্থানে পোড়া দাগ, গলায় উড়না পেঁচানো এবং ডান পায়ের মাংস না থাকা অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরে পিবিআইয়ের ফিঙ্গারপ্রিন্ট টিম মরদেহের পরিচয় শনাক্ত করে। নিহত নারী সুমা আক্তার (২৫) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কচুয়ারচর এলাকার বাসিন্দা। সুমা তিন মাস ধরে শ্রীপুরের বৈরাগীর চালার ‘ঢাকা গার্মেন্টস’-এ কাজ করতেন এবং কেওয়া এলাকার ফখরুদ্দিন মোড় সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকতেন। স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি আলাদা থাকছিলেন। তার দুই কন্যা সন্তান রয়েছে।
ঘটনার পর নিহতের মা মমতা বেগম (৭০) শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং–১৪।
গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীনের নির্দেশনায়, কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং শ্রীপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। একপর্যায়ে হত্যার দায়ে সন্দেহভাজন রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠালে ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয়।