Views: 1
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৭০ জন বাংলাদেশিকে বাংলাদেশে ‘পুশ-ইন’ করেছে। গত রাত ১টা থেকে সকাল ৫টার মধ্যে এই বাংলাদেশিরা সীমান্ত অতিক্রম করে প্রবেশ করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।
সিলেট ৪৮ বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফের ২ ও ৪ ব্যাটালিয়নের সদস্যরা নোয়াকোট, কালাইরাগ, শ্রীপুর এবং মিনাটিলা সীমান্ত পয়েন্ট ব্যবহার করে এসব বাংলাদেশিকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী, আটককৃত ৭০ জনই এর আগে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।
আটককৃতদের মধ্যে সিলেট জেলার আওতাধীন এলাকা থেকে মোট ৫৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে দুটি পরিবারের ১৩ জন সদস্যের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়। শ্রীপুর সীমান্তে দুটি পরিবারের ৭ জন কুড়িগ্রামের এবং ১০ জন লালমনিরহাট জেলার বাসিন্দা। মিনাটিলা সীমান্তে আটক ৪টি পরিবারের মোট ২৩ জন সদস্যের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।
অন্যদিকে, সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্তে চারটি পরিবারের ১৭ জন সদস্যকে আটক করা হয়েছে, যাদের সবার বাড়ি লালমনিরহাট জেলায়।
৪৮ বিজিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।