উখিয়া সীমান্তে ক্যাম্পের বাইরে থাকা ১৯ রোহিঙ্গা নাগরিককে আটক করল বিজিবি
কক্সবাজারের উখিয়া সীমান্তে ক্যাম্পের নিয়ম অমান্য করে বাইরে আসার অপরাধে ১৯ জন পুরুষ মিয়ানমার নাগরিককে (এফডিএমএন/রোহিঙ্গা সদস্য) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (০৯ জুন) রাত ১২:১০ ঘটিকায় উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ বালুখালী বিওপি’র একটি বিশেষ টহল দল তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ রাত আনুমানিক ০০:১০ ঘটিকায় বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার বিপি-২০ হতে আনুমানিক ১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এবং শূন্য লাইন থেকে প্রায় ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘রহমতের বিল’ নামক স্থানে অভিযান চালানো হয়। সেখানে স্থানীয় মাছের ঘেরে অবৈধভাবে মাছ ধরার সময় ওই ১৯ রোহিঙ্গাকে হাতেনাতে আটক করে বিজিবি’র বিশেষ টহল দল।
> বিজিবি কর্তৃপক্ষ জানায়, নিয়মানুযায়ী রোহিঙ্গা ক্যাম্পের আশ্রিত নাগরিকদের ক্যাম্পের বাইরে আসার কোনো সুযোগ নেই। স্থানীয় বিভিন্ন কাজে তাদের ব্যবহার করার কারণে তারা নানাবিধ অপরাধ চক্রের সাথে জড়িয়ে পড়ছে, যা সীমান্ত ও স্থানীয় এলাকার নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
আটককৃত রোহিঙ্গা সদস্যদের পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য নিকটস্থ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উখিয়া থানায় বিজিবি’র পক্ষ থেকে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সাথে মাদক নির্মূলে তিনি এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অধিনায়ক সমাজে অপরাধ প্রবণতা রোধে রোহিঙ্গা নাগরিকদের কোনো ধরনের স্থানীয় কাজে বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করার জন্য এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।





