টেকনাফে বিদেশী পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মনছুর গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৫) এক সফল অভিযানে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মনছুর আলম (৪২) নামে এক শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৬টার দিকে টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের বাহারছড়া এলাকায় আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মনছুর আলম টেকনাফের সাবরাং ইউপির বাহারছড়া এলাকার জহির আহমদের ছেলে।
র্যাব সূত্র জানায়, টেকনাফ সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নির্মূলে র্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস দল নিয়মিত দায়িত্ব পালন করছিল। ভোর ৫:৩০ ঘটিকায় টেকনাফ থানাধীন ঝর্ণা চত্বর এলাকায় ডিউটি করার সময় র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বাহারছড়া এলাকায় এক ব্যক্তি তার দোতলা বসত ঘরের ভেতর অবৈধ অস্ত্র ও মাদক মজুত করে অবস্থান করছে।
সংবাদ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সকাল অনুমান ০৬:১৫ ঘটিকায় র্যাবের আভিযানিক দল ওই বাড়িতে পৌঁছায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মনছুর আলম কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা চারপাশ থেকে ঘেরাও করে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে র্যাব নিম্নোক্ত অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে: ১টি বিদেশী তৈরি পিস্তল,১টিখালি ম্যাগাজিন,২ রাউন্ড পিস্তলের গুলি
র্যাব জানায়, ধৃত আসামি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজ হেফাজতে রেখে ১৮৭৮ সালের অস্ত্র আইন (The Arms Act, 1878) এর ১৯(a) ও ১৯(f) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছে। গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।





