Views: 0
দিনাজপুর-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি কোনো কারণে জনগণের মতামতের সঠিক প্রতিফলন না ঘটে, তবে জাতি হিসেবে আমরা চরম বিপর্যয়ের মুখে পড়ব। বুধবার রাত ৮টায় হাকিমপুর প্রেসক্লাবে হিলিতে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাংবাদিকদের ‘জাতির বিবেক ও সমাজের দর্পণ’ আখ্যায়িত করে তিনি অনুরোধ জানান, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি জনমতের বিরুদ্ধে পরিবেশ সৃষ্টির চেষ্টা করে, তবে তা যেন সাহসের সাথে জাতির সামনে তুলে ধরা হয়।
মাওলানা আনোয়ারুল ইসলাম তাঁর বক্তব্যে সাংবাদিকদের পেশাগত ঝুঁকির কথা উল্লেখ করে বলেন, সংবাদকর্মীরা এখনো পুরোপুরি চাপমুক্ত বা স্বাধীনভাবে কাজ করতে পারছেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবুও অসংখ্য শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই পরিবর্তনের সুফল পেতে হলে স্বচ্ছ নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারেন, তবে হিলি স্থলবন্দরের আধুনিকায়ন, আমদানি-রপ্তানি বাণিজ্য বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, হিলি স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা এবং মাদক নির্মূলসহ শিক্ষা ও স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনে সকলকে সাথে নিয়ে কাজ করবেন। হাকিমপুর প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরের সঞ্চালনায় সভায় উপজেলা ও পৌর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।