গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, প্রায় এক মাস ধরে পরিবহন বন্ধ থাকায় তারা পরিবার-পরিজন নিয়ে মহাসঙ্কটে পড়েছেন। কোন সংগঠন বা জনপ্রতিনিধি তাদের খোঁজ খবর নিচ্ছে না।
এ পর্যন্ত লকডাউনের মাঝে তারা কর্মহীন হয়ে ঘরে বসে আছে। কিন্তু কারো কাছ থেকে কোন রকমের ত্রাণ বা সহযোগিতা পাননি। শ্রমিকরা দাবি করেন বাস-মিনিবাস ছাড়া সকল ধরনের যান বাহন মহাসড়কে চলাচল করছে। তাছাড়া পোশাক কারখানাগুলো অনেক ক্ষেত্রেই চালু আছে। শুধুমাত্র পরিবহন শ্রমিকরাই কর্মহীন হয়ে আছে। তাদের ঘরে খাবার নেই। বাসা ভাড়া দেওয়ার মত টাকা নেই।
তাই বিকল্প কর্মসংস্থান অথবা সহযোগিতা করার দাবিতে প্রায় চার ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পরিবহন শ্রমিকরা। এসময় মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে এবং মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে খবর পেয়ে পরিবহন শ্রমিক নেতা সুলতান উদ্দিন সরকার ঘটনাস্থলে এসে শ্রমিকদের সহযোগিতার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় এবং গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
পরবর্তীতে তাৎক্ষণিকভাবে শ্রমিকদের নামের তালিকা করে প্রত্যেককে নগদ আর্থিক সাহায্য করেন সুলতান সরকার। এবং শ্রমিকদের যেকোনো সমস্যায় সুখে-দুঃখে তাদের পাশে থাকার আশ্বাস দেন এই শ্রমিক নেতা।