Views: 36
৯ম পে-স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাঙামাটির কাপ্তাই উপজেলা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাপ্তাইয়ে বিশাল বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারা তাদের ন্যায্য দাবির পক্ষে এবং বৈষম্য নিরসনের দাবিতে মুহুর্মুহু স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্দোলনের কাপ্তাই উপজেলা আহ্বায়ক জয় সিং বড়ুয়া। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে চরম বেতন বৈষম্যের শিকার। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ৯ম পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে এই বৈষম্য দূর না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। প্রয়োজনে কাপ্তাই থেকে শুরু হওয়া এই আন্দোলন রাজধানী ঢাকা পর্যন্ত বিস্তৃত করা হবে।” সমাবেশে সংহতি প্রকাশ করে কাদেরী নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরাও রাজপথে আন্দোলনে শরিক হন।
বক্তারা আরও বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতি রেখে অবিলম্বে নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে না নিলে আগামীতে কর্মবিরতিসহ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন দপ্তরের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে আন্দোলনকারীরা পরবর্তী সাংগঠনিক কর্মসূচির ঘোষণা দেন।