Views: 1
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাঙামাটির ২৯৯ নং আসনের অত্যন্ত দুর্গম কেন্দ্রগুলোতে হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছানোর কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিলাইছড়ি উপজেলার বড়থলি ও প্রাংজংপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মালামাল ও কর্মকর্তাদের নিরাপদে পৌঁছে দেওয়া হয়। বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্গম এই জনপদে যাতায়াতের জন্য কোনো সড়ক বা নৌপথ না থাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর সহায়তায় এই বিশেষ পরিবহন ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলার মোট ১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্র অত্যন্ত দুর্গম ভৌগোলিক অবস্থানে রয়েছে। ইতোমধ্যেই গত ৭ ও ৮ ফেব্রুয়ারিতে রাইমংছড়া, তাড়াছড়ি এবং ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য দুর্গম কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। মূলত ভৌগোলিক চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতেই আকাশপথ ব্যবহার করছে প্রশাসন। বড়থলি ও ফারুয়া ইউনিয়নের এই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ ও গণনা শেষে পুনরায় হেলিকপ্টারের মাধ্যমেই নির্বাচনী কর্মকর্তাদের জেলা সদরে ফিরিয়ে আনা হবে।
সহকারী রিটার্নিং অফিসার আরও জানান, দুর্গম কেন্দ্রগুলোর প্রস্তুতি শেষ হওয়ার পর আগামীকাল নদীপথের নিকটবর্তী কেন্দ্রগুলোতে নৌকাযোগে মালামাল পাঠানো হবে। একটি উৎসবমুখর ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। প্রশাসনের এমন তৎপরতায় পাহাড়ের দুর্গম এলাকার ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় এখন কেবল মাহেন্দ্রক্ষণের অপেক্ষা।