Views: 6
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক রুদ্ধশ্বাস লড়াইয়ের অবসান ঘটেছে। বেসরকারিভাবে পাওয়া ফলাফলে এ আসনে জয়লাভ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুম মোস্তফা। ৮৩টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের তথ্য অনুযায়ী, মাসুম মোস্তফা ৮২ হাজার ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদার পেয়েছেন ৭৯ হাজার ৪১২ ভোট। দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল খুবই সামান্য, যা নির্বাচনকে শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনায় রেখেছিল।
এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নূরুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ৩৪১ ভোট পেয়েছেন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে পূর্বধলার ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। ভোট গণনা শেষে মাসুম মোস্তফার বিজয় নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সাধারণ ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন।